স্টাফ রিপোর্টার:
নওগাঁ সদর মডেল থানার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চারতলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ) সকালে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি বলেন, পুলিশি সেবার মান আরও জনবান্ধব ও যুগোপযোগী করতে সরকার দেশের বিভিন্ন থানায় আধুনিক অবকাঠামো নির্মাণ করছে। নতুন এই ভবনটি নির্মিত হলে সাধারণ মানুষ আরও স্বাচ্ছন্দ্যে ও দ্রুত কাঙ্ক্ষিত পুলিশি সেবা গ্রহণ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নওগাঁ গণপূর্ত বিভাগের বাস্তবায়নে এ ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় এবং পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে একটি গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশ প্রশাসন ও গণপূর্ত বিভাগের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।