রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রুবেল (৩৫) ২। সাব্বির আহমেদ ওরফে সামির (২৫) ও ৩। রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনি (২৫)।
এসআরইউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় তেজগাঁও থানাধীন কাওরান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোঃ রুবেলকে গ্রেফতার করে (এসআরইউ)-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল।
অপরদিকে, রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন শিশু মেলার বিপরীতে ফুট ওভারব্রিজের নিচে ছিনতাইকালে সাব্বির আহমেদ ওরফে সামিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেলকে তেজগাঁও থানা পুলিশ এবং সাব্বিরকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় ছিনতাইকালে রবিন ওরফে ইসকে রবিন ওরফে রনিকে হাতেনাতে গ্রেফতার করে (এসআরইউ) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ছিনতাই প্রতিরোধ টিম। এ সময় তার কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিনের বিরুদ্ধে শ্যামপুর থানায় ছিনতাই, চুরি, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।