প্রাথমিকভাবে ছয়টি রুটে পরীক্ষামূলক কার্যক্রম শুরু, ভবিষ্যতে ৩২টি রুটে পৃথক রং ও নম্বরের বাস চলবে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার।
রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিরসনে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই তিনি রাজধানীর বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম নিয়ে কাজ করছেন। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প।
তিনি জানান, আপাতত রাজধানীর ছয়টি রুটে পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রম শুরু করা হয়েছে।
পর্যায়ক্রমে এ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে রাজধানীর গণপরিবহন খাতে আরও শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ভবিষ্যতে রাজধানীর ৩২টি বাস রুটের জন্য পৃথক রং ও নম্বর নির্ধারণ করা হবে। এতে যাত্রীরা সহজেই নির্দিষ্ট রুটের বাস শনাক্ত করতে পারবেন।
তিনি আরও জানান, বাসের সামনের অংশে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বা প্লেট দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলাচল করছে।
এর ফলে যাত্রীদের বাস শনাক্তকরণ সহজ হবে এবং গণপরিবহন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
রাজধানীর বিদ্যমান গণপরিবহন ব্যবস্থায় বাসের অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা, যাত্রী ওঠানামার বিশৃঙ্খলা এবং রুট ব্যবস্থাপনার জটিলতা দীর্ঘদিনের সমস্যা।
ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে নির্দিষ্ট রুটভিত্তিক সমন্বিত বাস পরিচালনার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে আনার সুযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরিকল্পনাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ যাত্রীরা আরও সুশৃঙ্খল ও সহজে ব্যবহারযোগ্য পরিবহনসেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর গণপরিবহন খাতে নতুন এই উদ্যোগের সফল বাস্তবায়ন যাত্রীসেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।