স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং এর সাথে জড়িত প্রধান অভিযুক্ত মো. শাকিল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে। পুলিশ সুপারের নির্দেশ ও থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এই সাফল্য অর্জিত হয়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর ২টার দিকে বাদী মো. রেজাউল (৩১) তার ব্যবহৃত TVS Metro 100 CC মোটরসাইকেলটি তার কর্মস্থল ‘মজনু রুটি ফ্যাক্টরি’র স্টাফ রুমে রাখেন। পরবর্তীতে একই দিন দুপুর ২টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাদী জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত মো. শাকিল (২২), তালহা (২১) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন মিলে মোটরসাইকেলটি চুরি করেছে এবং তা ধামইরহাট থানা এলাকাতেই অবস্থান করছে।
ঘটনাটি পুলিশ সুপারের দৃষ্টিগোচরে আসার পর তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হকের দিকনির্দেশনায় পুলিশে একটি চৌকস টিম গঠিত হয়। পরবর্তীতে বিশেষ টিমটি ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং প্রধান অভিযুক্ত শাকিল হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাকিল হোসেন তার সহযোগী তালহাসহ গত ৪ নভেম্বর মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছে। অনুসন্ধানে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত শাকিল এলাকায় মাঝেমধ্যেই বিভিন্ন চুরি-ছিনতাইয়ের সাথে জড়িত ছিল।
ধামইরহাট থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।