স্টাফ রিপোর্টার:
নওগাঁর ধামইরহাটে সরকারের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৬-২৭) সিজন-২’ এর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি উপভোগ ও স্থানীয় পর্যায়ে এর শুভ সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে ধামইরহাট উপজেলায় বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ এবং বিকেল ৫টায় ব্যাডমিনটন খেলার উদ্বোধনের মাধ্যমে স্থানীয় কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ ও ব্যাডমিনটন প্রতিযোগিতার উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি তাহমিনা সারমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, তথ্য সেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়; বরং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে গ্রাম ও শহরের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। সঠিক ও যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে প্রতিভাবান খেলোয়াড়েরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে।