ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোঃ জাহিদুর রহমান, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাহবুবুল আলম এবং নূরুন্নিসা সিদ্দীকা অংশগ্রহণ করেন।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে তৃতীয় অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের পরিচতি, কার্যাবলী, মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন এবং মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
বৈঠকে গ্রামীণ ও শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়ন (সড়ক, সেতু, কালভার্ট, ড্রেনেজ) ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ, আর্থিক ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকারের সকল স্তরের জনপ্রতিনিধি/ কর্মকর্তা/ কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং শহর অঞ্চলে পরিস্কার পরিছন্নতা নিশ্চিত করণের লক্ষ্যে মন্ত্রণালয়ের কার্যক্রমকে স্বচ্ছতা, জবাবদিহীতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার সুপারিশ করা হয়।
এছাড়া দুর্নীতিমুক্ত সমজা গড়ে তোলার উদ্দেশ্যে এবং সংসদে উত্থাপিত প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন ও বৃক্ষরোপন, গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে নিরাপদ পানি ও জন্ম-মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের প্রতিটি মৌলিক প্রয়োজন সরাসরি স্থানীয় সরকার বিভাগ পরিচালনা করে থাকে। তাই কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান, পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সম্পর্কিত প্রকল্পসমূহের কার্যক্রম যথাযথ বাস্তবায়নের সুপারিশ করা হয়।
বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷