জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম।
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তিকে দেশে কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দীর্ঘদিন পর দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে হুইপ বলেন, ওই সময়ে শত শত নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাঁর বিরুদ্ধে ঘোষিত বিচারিক রায় কার্যকর করার বিষয়টি আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের অত্যাচার, নির্যাতন ও অনিয়মের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একদিন ভোগ করতেই হয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
সমাবেশে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের আমন্ত্রিত বিশেষ অতিথি ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।