একীভূত তথ্য ক্যাডার গঠন, পদোন্নতি বঞ্চিত ও চাকরিচ্যুতদের বিষয়ে যাচাই-বাছাইয়ের উদ্যোগ
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬: বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী, আধুনিক ও গণমুখী করার পাশাপাশি একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, এমপি।
বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র সুসংহত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দলের সদস্যরা ঐকমত্য পোষণ করেন।
সভায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা ও জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় পদোন্নতি থেকে বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। কমিটির মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের বিষয়েও মতামত দেওয়া হয়। পাশাপাশি পদোন্নতি বঞ্চিত করা ও চাকরিচ্যুতির ঘটনায় দায়ী নির্দেশদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সীমিত জনবল দিয়ে অধিকতর কার্যকর সেবা নিশ্চিত করা এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয়, আধুনিক ও শ্রোতাবান্ধব করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, এমপি; প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি; মো. আশরাফ উদ্দিন, এমপি; মো. মোস্তাফিজুর রহমান বাবুল, এমপি; মো. মজিবুর রহমান, এমপি; ফাহমিদা হক, এমপি; মো. শফিকুল ইসলাম, এমপি এবং মোসা. নাজমুন নাহার, এমপি অংশগ্রহণ করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।