মাগুরা প্রতিনিধি:
‘দলীয়করণ এখানে চলবে না, আমরা সকলেই মহম্মদপুরবাসী। এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসন-৫ (আসন-৩০৫)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, সব বরাদ্দ একসঙ্গে সবার মধ্যে বিতরণ করা সম্ভব নয়। তবে এলাকার স্থায়ী উন্নয়নের জন্য সড়ক, কালভার্ট নির্মাণ এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের মতো জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে বড় ধরনের বরাদ্দ প্রয়োজন। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।
তিনি বলেন, আপাতত ৫০ বান্ডিল ঢেউটিন, গৃহমঞ্জুরি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঐচ্ছিক তহবিল এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অনুদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও বড় পরিসরে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, মামলা ও হয়রানির প্রসঙ্গ তুলে সংসদ সদস্য বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এবার যোগ্য ব্যক্তিদের মনোনয়ন ও অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অতীতে অর্থের বিনিময়ে কিংবা বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে যেন এলাকার যোগ্য সন্তানেরা ন্যায্যভাবে চাকরির সুযোগ পায়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, সংসদ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় এসব অনুদান পাওয়া গেছে। তিনি বলেন, সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৩ জনকে ৯০ হাজার টাকা এবং নির্যাতিত দুস্থ মহিলা ও শিশু কল্যাণ পরিষদের আওতায় সাতজন নির্যাতিত নারীকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া ৫০ জন উপকারভোগীর মধ্যে ৫০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হচ্ছে। প্রতিটি বান্ডিলের সঙ্গে গৃহমঞ্জুরি হিসেবে দেওয়া হচ্ছে ৩ হাজার টাকা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া, সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ঢাকাস্থ জাতীয়তাবাদী দলের সভাপতি আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহম্মদ, যুবদল নেতা ইনামুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেন। একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলও অনুষ্ঠিত হয়।