ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি বলেন, কাজী সাহেবরা মুসলিম নর-নারীর নিকাহর মত একটি পবিত্র কাজ সম্পন্ন করে থাকেন।
তিনি বলেন, ঐতিহাসিককাল থেকেই বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধানরা কাজী সাহেবদের মতামতকে মূল্যায়ন করে থাকেন।
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, বিগত আমলে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে তাদের অসম্মানিত করা হতো। তিনি বলেন মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না। সত্য চিরকাল সত্যই থাকে।
তিনি বলেন, আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে আছে বলেই ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে।
হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আলেম- ওলামাদের সতর্ক থাকতে বলেন যেন কোন সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের ক্ষমতায় আসতে না পারে। এ সময় তিনি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপর আক্রমণের তীব্র নিন্দা জানান।
তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করে থাকেন। তিনি নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন এবং তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে সেটির ব্যবস্থা করবেন।
এই সমাবেশে সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের বিভিন্ন সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।