ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬:
জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু, বিদ্যুতের অপচয় রোধ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা নির্ধারণে পুনরায় জরিপ পরিচালনার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। ডিপিডিসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে কারিগরি সমীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
সভায় কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, মোঃ সাইফুল আলম এমপি এবং মারদিয়া মমতাজ এমপি উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা নিয়ে ডিপিডিসির পক্ষ থেকে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিদ্যুতের প্রকৃত চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।
বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংসদ ভবন এলাকায় সোনালী ব্যাংক লিমিটেডের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালুর জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একই সময়সীমার মধ্যে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। পাশাপাশি বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলে পৃথক সাব-মিটার স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংসদ ভবন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত ফারহান ফাইয়াজ খেলার মাঠের বরাদ্দ, চুক্তি এবং এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এসব বিষয়ে ব্যবস্থাপনা ও পরিচালনাগত দিক যাচাই করতে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্য মোঃ আশরাফ উদ্দিন এমপি ও মারদিয়া মমতাজ এমপির সমন্বয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন। সাব-কমিটিকে পরবর্তী সভায় এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত দেওয়া হয়।
এদিকে, গণপূর্ত অধিদপ্তরের PWD Sports Club Filling Station-এর ব্যবহার ও পরিচালনা সংক্রান্ত বিষয়ও সভায় আলোচনায় আসে। এ ক্ষেত্রে পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার মধ্যে সম্পাদিত চুক্তিনামা পুনর্বিবেচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়। একই সঙ্গে চুক্তিনামাসহ পুরো বিষয়টি অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদিকে, ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্যে প্রণীত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক মনে না হওয়ায় নতুন করে জরিপের নির্দেশ দেওয়া হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় সমীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়েছে। প্রস্তুতকৃত প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও বিদ্যুৎ ব্যবস্থাপনার আধুনিকায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুতের অপচয় কমানো, ব্যয় সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।