রাওয়া আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, “পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী। দেশমাতৃকার প্রয়োজনে এ দেশের মানুষ জীবন উৎসর্গ করতে কখনো পিছপা হয়নি। মহান মুক্তিযুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ।”
আজ রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও অত্যন্ত গৌরবের বিষয়। সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।” তিনি বলেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার চেয়ে গৌরবের আর কিছু হতে পারে না। সামরিক বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। অথচ মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঐতিহাসিক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। স্বাধীনতার অব্যবহিত পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ঘটনাও ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ দেশের সাধারণ মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন অসংখ্য মানুষ অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদের অসীম সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের টেকসই উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। তাঁর ভাষায়, বিগত ১৫ বছরের ইতিহাস ছিল দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা আবারও তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে সাহস ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় গণ-অভ্যুত্থানে সামরিক বাহিনীর সহায়ক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্পিকার সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে সংঘটিত যুদ্ধের স্মৃতিচারণ করেন। মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরে নিজের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা, ধৈর্য ও দেশপ্রেম নিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করে তিনি জাতির গৌরবময় ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। বিশেষ করে এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।