ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর গুলিস্তানের পৃথক তিনটি স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। দীপু মল্লিক (৩০), ২। ফাহিম আহমেদ তুহিন (২২) ও ৩। মোঃ রিপন (৪৮)।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে পল্টন মডেল থানাধীন গুলিস্তান মওলানা ভাসানী স্টেডিয়ামের ৩ নম্বর গেট, এরশাদ সড়ক ও আবরার ফাহাদ চত্বর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ফাহিম আহমেদ তুহিনের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা এবং মোঃ রিপনের বিরুদ্ধে দুটি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।