বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খিলগাঁওয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ফরিদপুরে গভীর রাতে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক নিহত ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৪৪৭ মামলা তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত ডিএমপির এসআরইউ’র অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।

তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পিকারের

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার:

দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা করলেই হবে না, বরং সেই পরিবর্তন বাস্তবায়নে তরুণদের সরাসরি সম্পৃক্ত হতে হবে।

বুধবার বাংলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা চাই, আমাদের দেশ আমাদের মতো করে পরিচালিত হোক। আমরা চাই, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই, বাংলাদেশ যেন জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। আর এই প্রত্যাশা বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ।”

তিনি বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন ও সমাজের ইতিবাচক রূপান্তরের জন্য রাজনীতিতে অংশগ্রহণ অপরিহার্য। তরুণদের উপস্থাপিত দাবিনামার ভাষা, যুক্তি ও বক্তব্যের মান অত্যন্ত পরিণত এবং তা সংসদ সদস্যদের বক্তব্যের চেয়ে কোনো অংশে কম নয়। এ সময় তিনি উপস্থিত তরুণদের মধ্য থেকে যোগ্য, সৎ ও দায়িত্বশীল ব্যক্তিদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।

দেশের রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, দীর্ঘ সময় ধরে রাজনীতিতে নেতিবাচক প্রবণতা ও দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে। রাজনীতি আদর্শ, নৈতিকতা ও জনসেবার জায়গা থেকে অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সুশিক্ষিত, মানবিক, সৎ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি। অসংখ্য পরিবার স্বজন হারানোর বেদনা বহন করছে। প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি এখনো থামেনি এবং বিচারপ্রক্রিয়াও সম্পন্ন হয়নি। এমন পরিস্থিতিতে তরুণ প্রজন্মের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় তরুণরা কোনো রাজনৈতিক দলের পরিচয় কিংবা আহ্বানের অপেক্ষা করেননি। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় তাঁরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছিলেন। সেই ঐক্য ও দায়িত্ববোধ ধরে রেখে দেশ ও গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকা অব্যাহত রাখতে হবে।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা যদি অর্থবহ পরিবর্তন ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে না পারি, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে। তাই তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

ইতিহাসের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন একটি অর্থবহ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাঁদের দায়িত্বশীল অংশীদার হতে হবে।

কায়সার কামাল বলেন, তরুণরাই দেশকে দ্বিতীয়বারের মতো উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশার পরও কেন আমাদের মধ্যে বিভেদ তৈরি হবে? মতপার্থক্য থাকবে, গঠনমূলক সমালোচনাও থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও দেশের ভবিষ্যতের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান দুর্বৃত্তায়ন থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য, সুশিক্ষিত ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষকে জনসেবা এবং মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। রাজনীতিকে জনকল্যাণের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে না পারলে দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা কঠিন হবে।

দেশের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী যে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছেন, তা শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; প্রত্যেকের হৃদয়ে এই চেতনা ধারণ করতে হবে। সরকারি দল কিংবা বিরোধী দল—সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাসী হয়ে জাতীয় স্বার্থে কাজ করতে হবে। দেশের মাটিতে যেন কোনোভাবেই আবার ফ্যাসিবাদের উপাদান ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তরুণ প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এই আয়োজন থেকে ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে দেশ গঠন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; এই উদ্যোগের ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তরুণদের অনেককেই আগামী দিনে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিতে হবে। দেশ আমাদের, তাই দেশ গড়ার দায়িত্বও আমাদের সবার। প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একদিন তরুণরাই জাতীয় সংসদে নেতৃত্ব দেবেন এবং গর্বের সঙ্গে বলবেন—আমরা একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ (আইআইডিআর)-এর নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ ও আনিছুর রহমান।

এ সময় সংসদ সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews