ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
সভায় কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ অংশগ্রহণ করেন।
সভায় শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানান। পরে তাঁর নির্দেশনায় ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং একই ধরনের কাজের পুনরাবৃত্তি পরিহারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা ও পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রকল্পটির পূর্বনির্ধারিত নাম ‘ই-পার্লামেন্ট’ পরিবর্তন করে ‘ই-বাংলাদেশ পার্লামেন্ট’ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া প্রকল্পের আওতায় সাউন্ড সিস্টেমসহ অন্যান্য কার্যক্রমে কোনো ধরনের কাজের দ্বৈততা বা ওভারল্যাপিং রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সাঈদ আল নোমান, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জকে নিয়ে গঠিত এ উপকমিটিকে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন মূল কমিটির কাছে দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটির বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সমন্বিত ব্যবস্থাপনা এবং সংসদীয় কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।