রাজশাহী | ২৭ জুলাই ২০২৬ (সোমবার): রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)মোঃ আশিক সাঈদ মহোদয়ের সঙ্গে বিকাশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার বিকেল ৪:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.) এবং উপদেষ্টা, এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি ডিআইজির সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে বিকাশ-সংশ্লিষ্ট প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং ডিজিটাল আর্থিক সেবার অপব্যবহার প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
বৈঠকে ডিজিটাল আর্থিক সেবার নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং প্রতারণা দমনে বাংলাদেশ পুলিশ ও বিকাশ লিমিটেডের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিকাশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বিভাগীয় প্রধান জনাব এ কে এম মনিরুল করিম এবং ব্যবস্থাপক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) জনাব মোঃ কামরুল ইসলাম।
এ সময় রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহীর পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ পুলিশ ও বিকাশ লিমিটেডের এ ধরনের সমন্বিত উদ্যোগ ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও নিরাপদ করতে এবং আর্থিক প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।