স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগে ছয়জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়া এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলার সময় আহতদের কুপিয়ে ও পিটিয়ে আহত করার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় মো. বুলবুল শিকদার (৫৭) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে আবু আহাদ দাড়িয়া ওরফে বতু (৬০), রিয়াদ (২২), বাধন (৩০), আরাফাত রহমান রিসাদ (২৮), হাদি শেখ (৩৫) ও আরজু (২৭)-সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, বৈঠক শেষে সন্ধ্যার দিকে আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়ির সামনে গিয়ে হামলা চালায়।
হামলায় আশিকুর রহমান মিনার (৩৩), জবির শেখ (২৫) ও আতিকুর রহমান হামিম (৩১) আহত হন। এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এ সময় আশিকুর রহমানের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ২০ হাজার ৩৯০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এছাড়া জবির শেখের হাতে থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের ব্রেসলেটও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
ঘটনার পর আহতদের চিকিৎসা দেওয়া হয় এবং পরে এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়।
তবে অভিযোগের বিষয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
গোপালগঞ্জ সদর থানা সূত্রে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।