মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে প্রশাসনিক কার্যক্রমে অনভিপ্রেত হস্তক্ষেপ, সরকারি কাজে বাধা, প্রশাসনকে হুমকি, অপপ্রচার, আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে একত্রিত হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহম্মদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলকারীরা “চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না” এবং “ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না”—এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এম. রইচ উদ্দীন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব খান সোহেল, মহিদুল ইসলাম ও আক্তারুজ্জামান বিল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেন মো. শরিফুল ইসলাম টুকু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, মহম্মদপুরে প্রশাসনিক কার্যক্রমে বিভিন্নভাবে বাধা সৃষ্টি, অপপ্রচার এবং অনিয়মের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তারা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে মহম্মদপুরে শান্তিপূর্ণ পরিবেশ, প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিকতা ও সুশাসন বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।