৯৩ উন্নয়ন প্রকল্পে ৭ হাজার ৮৩২ কোটি টাকার বেশি বরাদ্দ; পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সরকারের গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়।
সভায় নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে একনেক (ECNEC)-এ অনুমোদিত হয়েছে। এছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে জোরালো আশ্বাস পাওয়ার বিষয়টিও সভায় অবহিত করা হয়।
একই সঙ্গে আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হওয়ার কথা সভায় জানানো হয়।
বৈঠকে প্রেজেন্টেশনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল এবং অর্থবরাদ্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কমিটির সদস্যদের সামনে তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য মোট ৭ হাজার ৮৩২ দশমিক ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থবরাদ্দ এবং বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্যও সভায় উপস্থাপন করা হয়।
বৈঠকে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, বরাদ্দকৃত অর্থের যথাযথ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং জনগণের জন্য সরকারি সেবার মান আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি, এ. কে. এম. ফজলুল হক মিলন, এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু, এমপি, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, এমপি, মুন্সী রফিকুল আলম, এমপি, মো. ইজ্জত উল্লাহ্, এমপি, মো. মশিউর রহমান খান, এমপি এবং মো. অলি উল্লাহ্, এমপি অংশগ্রহণ করেন।
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক ও প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।