ঢাকা, ১১ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই ভ্যান উদ্ধারসহ চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ খোকন (৩০) ২। মোঃ সেলিম (৪২) ৩। ও মোঃ আরিফ (২৮)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই সকাল ১০:৩০ ঘটিকা থেকে ১৪ জুলাই সকাল ০৬:০০ ঘটিকার মধ্যে উত্তরা ৬ নম্বর সেক্টরের বিডিআর মার্কেটের একটি প্রতিষ্ঠান থেকে এক কর্মচারী ডেলিভারির কথা বলে ১৮০ লিটার সুরেশ সরিষার তেল, একটি ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি চুরি মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম ও টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে চুরি যাওয়া ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান এবং অন্য একটি চোরাই ব্যাটারিচালিত ডেলিভারি ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত খোকন ও সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।