ঢাকা, ০২ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগে ঘাতককে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম – মো. হৃদয় ওরফে শিপন (৩০)।
রোববার (২ আগস্ট) সকালে কলাবাগান থানাধীন আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভিকটিমের সঙ্গে ঘাতক শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার (২ আগস্ট ) সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকায় শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে পুনরায় ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে ভিকটিমের গলা কেটে হত্যা করে। এ সময় ভিকটিমের মা তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে ঘাতক শিপন তাকেও একই চাকু দিয়ে গলা ও কাঁধে উপর্যুপরি আঘাত করে হত্যা করে।
কলাবাগান থানা সূত্রে আরও জানা যায়, হত্যাকাণ্ডের সময় ভিকটিমের ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করে আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে ঘাতক তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রোববার (২ আগস্ট) বিকাল আনুমানিক ০৫ :০০ ঘটিকায় কলাবাগান থানা পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে। এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।