নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে—
বিভাগভিত্তিক হিসাবে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তেজগাঁও বিভাগ থেকে ১৯৬ জন এবং ওয়ারী বিভাগ থেকে ৯২ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, একটি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৯ ক্যান বিয়ার উদ্ধার করে।
এ ছাড়া একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, ৯টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।