ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ খ্রি.
রাজধানীর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ কামরান ওরফে রেজা (৩০)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় দক্ষিণ পীরেরবাগ ভাঙ্গাব্রীজ সংলগ্ন সাজেদা মোটরসের সামনে পাকা রাস্তায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। তবে মোটরসাইকেল চালক পুলিশের সংকেত অমান্য করে কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে গ্রেফতার করে। পরে তার দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রেজা একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতঃপূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।