ঢাকা, ২৬ জুন ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ব্লেজার তৈরির কারখানায় চুরির ঘটনায় এক আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ সাদ্দাম (৩০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৬ মে ঈদুল আজহার ছুটিতে কারখানার মালিক মহসিন ফকির গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে ৫ জুন কারখানায় ফিরে এসে তিনি দেখতে পান, কারখানার তালা খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে তিনি দেখতে পান কারখানায় থাকা JACK ব্র্যান্ডের ৭টি এবং ZOJE ব্র্যান্ডের ২টিসহ মোট ৯টি অটো সেলাই মেশিন চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ী থানার একটি টিম বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত আনুমানিক ০২:১৫ ঘটিকায় শনির আখড়া এলাকা অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীত তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নূরুন্নেছা মার্কেটের ৪র্থ তলার একটি গোডাউন থেকে চোরাই ৯টি সেলাই মেশিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাদ্দাম চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।