মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য মো. খাইরাল ইসলাম, সহকারী সুপার মোঃ মোশারেফ হোসেন, অভিভাবক সদস্যবৃন্দ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী।
সভাটি পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ ওহিদুজ্জামান।
সভায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও উপস্থিতি নিশ্চিত করা, ফলাফল উন্নয়ন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই মহম্মদপুর বরকতিয়া এস.এ.আর দাখিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এই এলাকার শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হোক।”
সভায় মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত সবাই শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।