স্টাফ রিপোর্টার:
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁয় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের পোশাক খাতের বরাদ্দ থেকে জেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের মোট ৯ ৯০ জন দফাদার ও মহল্লাদারকে (গ্রাম পুলিশ) এই বাইসাইকেল দেওয়া হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নওগাঁর উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন। তিনি জানান, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তথ্যের সঠিক ও দ্রুত সরবরাহ নিশ্চিত করতে গ্রাম পুলিশদের আধুনিকায়নের বিকল্প নেই। তাদের চলাচলের সুবিধার্থে এই বাইসাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে জেলার ১১টি উপজেলার সব গ্রাম পুলিশ সদস্যের হাতে বাইসাইকেল পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম (বার্তার মাধ্যমে) বলেন, “বাল্যবিয়ে রোধ, মাদক নিয়ন্ত্রণসহ গ্রামের সার্বিক পরিস্থিতি প্রশাসনকে তাৎক্ষণিক জানাতে গ্রাম পুলিশরা সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মাধ্যম। তুলনামূলক অবহেলিত এই বাহিনীকে যুগোপযোগী ও সক্রিয় করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সারওয়ার কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।