বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোন অপশক্তির হাত থেকে রক্ষা করবো আমরা -এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোন অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের সকল নেতাকর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অপশক্তিই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি আজ (মঙ্গলবার) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিগত ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করতে  দেশীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হয়েছে উল্লেখ করে হুইপ বলেন, শত প্রতিকূলতার পরেও বিএনপিকে কেউ দমাতে পারেনি বরং বিএনপি দিন দিন আরো জনপ্রিয় হয়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে বিএনপি ততবারই জয়লাভ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে।

বিএনপির একজন কর্মী হিসেবে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তাঁর জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়। তিনি আমৃত্যু এই দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে চান বলে মন্তব্য করেন।

তিনি পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের নিন্দা করে বলেন- হাসিনার শাসনামলে যারা গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার শিকার হয়েছে; তারাই একদিন তার এসব অপরাধের বিচার নিশ্চিত করবে এবং খুনী হাসিনার অপরাধের বিচার এই দেশের মাটিতেই হবে।

শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ; দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে যে সংগ্রাম করে যাচ্ছে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; সেই যাত্রায় দলের সকল নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,  বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারী। অনুষ্ঠানে দলের বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তৃতা করেন।

প্রধান বক্তা বাবুল আহমেদ বলেন, জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যেই দলকে গণমানুষের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় শহীদ জিয়ার অবদানের কথা উল্লেখ করে কাজী রফিক বলেন, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব হয়েছে শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের কারণে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews