
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর উদ্যোগে ঢাকা মহানগরীর বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান।
সভায় মহানগরীর বিভিন্ন শপিংমল ও বিপণি বিতানের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে তিনি জানান, রমজান মাসে যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ী প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। তিনি প্রতিটি শপিংমলের সামনে ও আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনেরও আহ্বান জানান।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, ঢাকার অন্যতম প্রধান সমস্যা যানজট। রমজানে ট্রাফিক ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ফোর্স দায়িত্ব পালন করবে। তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র রমজান মাস শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।
সভায় নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাব ও মতামত প্রদান করেন। এতে বিপণি বিতান প্রতিনিধিদের পাশাপাশি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।