ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর গাবতলী বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজনকে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ।
আটককৃতের নাম- সাজ্জাদ হোসেন আশিক (২০)।
ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬:৪০ ঘটিকায় গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে দিতে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায় চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক কৌশলে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আটকের পর সাজ্জাদ হোসেন আশিকে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।