ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজনকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।
আটককৃতের নাম- রুবেল (৩৫) ।
ট্রাফিক-যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করতো। বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসার বাথরুমে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত তাকে জোরপূর্বক আটকে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ট্রাফিক-যাত্রাবাড়ী জোন সূত্রে আরও জানা যায়, ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। পরবর্তীতে শুক্রবার (১৭ জুলাই) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ধাওয়া করলে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম তাকে আটক করেন। পরবর্তীতে যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা হয়। এঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।