ঢাকা, ১১ জুলাই ২০২৬ খ্রি.
ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও থানা পুলিশ সংবাদ প্রাপ্তির মাত্র ৬ ঘণ্টার মধ্যে দক্ষিণ গোড়ান এলাকায় সংঘটিত এক তরুণী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম -সাইফুল ইসলাম (২১)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে অবস্থিত একটি বাসা থেকে ভিকটিম সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়। পরবর্তীতে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে (১১ জুলাই) রাত ০৩ঃ৪৫ ঘটিকায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মর্মে স্বীকার করেছে।
খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, সাইফুল ইসলামের পিতা-মাতাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও সাংসারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।