ঢাকা, ০৮ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ০৯:১০ ঘটিকায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে টহল ডিউটিরত পুলিশ সদস্যরা মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশ থেকে গুলির শব্দ শুনতে পান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় কাওছার ভুইয়া শান্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুইটি তাজা কার্তুজ এবং একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র-আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভিকটিম সাইফুল ইসলাম সিজু (৪০)-কে হত্যার পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে সে কৌশলে ভিকটিমের সাথে পরিচিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে ভিকটিমের আস্থা অর্জন করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে একসঙ্গে অংশ নিতে থাকেন।
ঘটনার দিন হামলার কিছুক্ষণ আগে আসামি ভিকটিমের পাশে বসে চা পান করেন। একপর্যায়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় আগ্নেয়াস্ত্র দিয়ে ভিকটিমকে লক্ষ্য করে গুলি করে। এতে সাইফুল ইসলাম সিজু গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা যায়, মিরপুর-১০ নম্বর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র আইন-এ দায়েরকৃত একটি মামলা রয়েছে, উক্ত মামলায় সে চার্জশিটভুক্ত আসামি। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।