নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের আওতায় ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৫০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল ক্রয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সংশ্লিষ্ট দপ্তরে নথিপত্রের খোঁজ করতে গিয়ে সেগুলোর কোনো সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তার মধ্যে দায়িত্ব নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
এদিকে, হাসপাতালের জন্য কেনা একটি এমআরআই মেশিন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
স্থানীয় সূত্রের দাবি, বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয়ে মালামাল ক্রয় হলেও সংশ্লিষ্ট নথি সংরক্ষণে চরম অনিয়মের অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তারা অনিয়মের অভিযোগ অস্বীকার করে দায়িত্ব অন্যদের ওপর চাপানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং সরকারি অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।