সাভারের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপ ক্রয়াদেশ কমে যাওয়ার কারণ দেখিয়ে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিক-কর্মকর্তাকে ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটির তিনটি পৃথক কারখানা থেকে এসব শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাঁটাই হওয়া সকল শ্রমিক-কর্মকর্তার আইনানুগ সকল পাওনা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কোরবানির ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ছাঁটাই হওয়া শ্রমিকদের মধ্যে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় অবস্থিত একেএম নিটওয়্যার লিমিটেড কারখানা থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকায় অবস্থিত প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার কারখানা থেকে ৫২৯ জন এবং আশুলিয়ায় অবস্থিত আল মুসলিম অ্যাপারেলস কারখানা থেকে ৫৩ জন শ্রমিক-কর্মকর্তা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ এত বিপুল সংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে।
এ বিষয়ে আল মুসলিম গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে পুনরায় জনবল নিয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছেন তারা।