ঢাকা, ২১ মে ২০২৬ খ্রি. রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলার মূল আসামি মোঃ শিহাব হোসেন (১৯)-কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপুরা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ গামছা প্যাঁচিয়ে মৃত্যুবরণ করে। উক্ত সংবাদ প্রাপ্তির পর রামপুরা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের (বলাৎকার) প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত হয়। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অনুসন্ধান করে জানা যায় যে, উক্ত মাদ্রাসার ছাত্র মোঃ শিহাব হোসেন এর পূর্বেও বিভিন্ন সময়ে আরও ৪ জন ছাত্রের সাথে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। এ ঘটনায় ভিকটিমের মা মোছাঃ টুকু আরা খাতুন বাদী হয়ে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় পাবনা জেলার বেড়া থানাধীন খাকছাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ শিহাব হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।