ঢাকা, ১৮ মে ২০২৬ খ্রি.বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইব্রাহিম (৩০) ২। হুমায়ুন কবির (৪৯) ৩। মোঃ জুলহাস (৩০) ও ৪। মোঃ বাবুল (৩৫)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ কলাবাগান থানায় দায়েরকৃত একটি চুরির মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে রবিবার (১৭ মে) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকা হতে রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় পর্যন্ত হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ইব্রাহিম, হুমায়ুন কবির, জুলহাস ও বাবুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ তার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা গভীর রাতে যখন রাস্তাঘাট নির্জন থাকে, তখন বিটিসিএল-এর কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে অত্যন্ত কৌশলে মূল্যবান ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে য়ায় মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতরা চোরাইকৃত তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের মূল্যবান তামা বের করে তা স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিত মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।