ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ব্যারিষ্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ সংসদ ভবনেঅনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান), ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে সভার আলোচ্যসূচি পাঠ করেন। অত:পর সভাপতির নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির উপর একটি প্রেজেনটেশন উপস্থাপন করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলী (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থীরকৃত আকারে পাস, সুপারিশকৃত আকারে পাস, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবী প্রস্তাব, প্রস্তাব (সাধারণ), ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) ইত্যাদি সম্পর্কে সংসদ-সদস্যবৃন্দের অবহিত করার লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত 'সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ' শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ-সদস্যগণের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে প্রত্যেক সংসদ-সদস্যবৃন্দের নাম ও নির্বাচনী এলাকা সার্চ করে তাঁদের যাবতীয় ডাটা প্রাপ্তির সুবিধার্থে একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীকে আহবায়ক এবং মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে ইউএনডিপি’র প্রজেক্ট হতে সংসদ-সদস্যবৃন্দের জন্য কী ধরণের বাজেট বরাদ্দ রয়েছে তা যাচাই বাছাই করার লক্ষ্যে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেনকে আহবায়ক এবং আখতার হোসেনকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
এছাড়া, PRACTICE AND PROCEDURE OF PARLIAMENT বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।