
ঢাকা, ২৪ মার্চ ২০২৬ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার তিনটি বিচারাধীন হত্যা মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত পৃথক তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এছাড়া তার বিরুদ্ধে ফেনী জেলায় আরও তিনটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় পাঁচটিসহ মোট আটটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেগুলোও তদন্তাধীন।
ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীর পল্টন, বনানী, কোতয়ালী, মিরপুর মডেল ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে ডিএমপির ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।